Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনার জয় পাতানো ছিল, অভিযোগ জিকোর

ক্রীড়া ডেস্ক
৮ জুলাই ২০২৬ ০৭:৫২ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১১:৩৮

দুই গোলে এগিয়ে গিয়েছিল মিসর। ব্যবধানটা ৩-০ গোলেরও হতে পারত। কিন্তু মোস্তফা জিকোর করা একটা গোল বাতিল হয় ভিএআরে। গোলের আক্রমণ শুরু হওয়ার সময় হয়েছিল এই ফাউল।

আবার আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল বলে দাবি মিসরের খেলোয়াড়দের। সেই ফাউল ভিএআর মনিটরে দেখতে যাননি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার। এই অভিযোগে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়লেন মোস্তফা জিকো।

এটা ফিফার সাজানো বা পাতানো ম্যাচ বলে ক্ষোভ উগরে দিলেন তিনি,‘রেফারি অবিচার করেছেন। তার অন্যায় স্পষ্ট। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের ওপর চড়াও হয়েছিলেন। তিনি চাননি আমরা জিতি।’

বিজ্ঞাপন

এরপর বোমাই ফাটান জিকো, ‘এটি একটি সাজানো ম্যাচ ছিল। এতে আমাদের কোনো দোষ ছিল না। ওই রেফারি,  মনে হচ্ছে এই ম্যাচটি আগে থেকেই পাতানো ছিল।’

রেফারি ম্যাচটা নষ্ট করছেন বলে দাবি জিকোর,‘আমরা ২-০ ব্যবধানে জিতছিলাম, আর রেফারি আমাদের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছিলেন।’ এরপরই তিনি কটাক্ষ করেন আর্জেন্টিনাকে,‘ আরেকটি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাকে অগ্রিম অভিনন্দন, এটাই মনে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কখনই ভাবিনি যে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা জানতাম, ভীষণ শক্তিশালী ও শিরোপার দাবিদার দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু তারা যদি নিজেদের যোগ্যতায় জিতত, তাহলে আমাদের অনুভূতিটা একেবারেই অন্যরকম হতো।’

মিসর কোচ হোসাম হাসানও সুর মিলিয়েছেন জিকোর সঙ্গে,‘মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত আর মাঠের বাইরের কিছু ব্যাপার এই ম্যাচকে প্রভাবিত করেছে। হয়ত তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসিও বিশ্বকাপে থাকুক।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর