Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণের ঘটনায় রেনু বেগম (৩৭) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৫ জন মারা গেলেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুরের দুর্ঘটনায় আইসিইউতে রেনু বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ডা. সামন্ত লাল সেন আরও জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় মৃত্যু হয় রিনা বেগমের (৫০)। ওই রাতেই ২টা ও আড়াইটায় মারা যান রিনার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও গ্যাস লাইনের মিস্ত্রী সুমনের (৪০)। শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটে মারা যান রওশনারা (৭০)। এই ঘটনায় নাজনীন (২৫) ২৭ শতাংশ ও তার মেয়ে শিশু নওশীন (৫) ১৫ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশু সহ সাত জন দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলেন, শফিকুল ইসলাম (৩৫), রিনা বেগম (৫০), রওশনারা বেগম (৭০), রেনু বেগম (৩৫), নাজনীন আক্তার (২৫), নওশীন তারান্নুম (৫) এবং সুমন (৪০)।

দগ্ধ শফিকুলের ভাই রফিকুল ইসলাম জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের, ১১ নম্বর রোড, সি ব্লক, ৯ নম্বর লাইনের ছয় তলা বাড়িটি তাদের নিজেদের। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল। দুর্ঘটনার দুইদিন আগেও লিকেজ মেরামত করা হয়। কিন্তু গত বুধবার রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ