ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে শিরোনাম ও ভাষার সামান্য পরিবর্তনের মাধ্যমে একই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক যুবসংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ভোটাধিকার, মানবাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
যুবদল জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণআন্দোলনে সংগঠনের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনকে সফল করতে গিয়ে ৭৮ জন নেতাকর্মী শহিদ হন, শত শত নেতাকর্মী আহত ও নির্যাতনের শিকার হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ সাংগঠনিক বাস্তবতার কারণে কমিটির আকার সীমিত রাখতে হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন এবং ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছেন।
যুবদল দাবি করে, বর্তমানে কেন্দ্রীয় নির্দেশনায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক ও জনসম্পৃক্ত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সংগঠন সম্পর্কে সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যকে যথাযথ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত।