ঢাকা: সদ্য ঘোষিত যুবদলের কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনিয়ম ও বিতর্কিতদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিষয়ে জরুরি মিটিংয়ে আলোচনা করতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি চরমে পৌঁছালে মিটিং স্থগিত করা হয়।
রোববার (৫ জুলাই) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
মিটিংয়ে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ নিজেদের মধ্যে চরম বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিতর্কিতদের দায় একজন আরেকজনের ওপর চাপানোর চেষ্টা করেন। এ সময় চরম হট্টগোল শুরু হলে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌছে যায়।
যুবদলের এক নেতা জানান, যুবদল সভাপতি বিতর্কিত ও নিষ্ক্রিয়সহ সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় জানতে চাইলে হট্টগোলের সূচনা হয়। এমতাবস্থায় কমিটির মান ও মর্যাদা নষ্ট হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একে অপরকে দোষারোপ করতে থাকেন।
সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি মাহমুদুস সালেহীন অপর সহসভাপতি জিয়াউর রহমান জিয়াকে কক্সবাজারের যথাযথ সম্মান না দেওয়ার বিষয়টি জিয়া মিটিংয়ে উপস্থাপন করলে মাহমুদুস সালেহীনের রাজনীতি না করে পদ পাওয়ার বিষয়ে বেশ কয়েকজন মন্তব্য করেন। এমন পরিস্থিতিতে হঠাৎ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজকে সতর্ক করে দেন যে, তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছো। এমন সময় ফিরোজ আব্দুল্লাহ মিটিং থেকে বের হয়ে যান।
এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে মিটিং স্থগিত করেন সভাপতি।
এ বিষয়ে কথা বলতে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নাকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।