Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রেস’ লেখা স্কুটি দুর্ঘটনায় নিহত কচি ও সোনিয়া সংবাদকর্মী নন


২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে ‘প্রেস’ লেখা স্কুটি দুর্ঘটনায় নিহত দুই নারী সংবাদকর্মী নন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।  দুর্ঘটনায় নিহত দুজনের নাম সৈয়দা কচি ও সোনিয়া বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে একটি স্কুটি নিয়ে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩)  দুই নারী মহাখালী এলাকার সেতু ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন। তাদের স্কুটিতে ‘প্রেস’ লেখা থাকায় তাৎক্ষণিকভাবে তারা সংবাদকর্মী বলে ধারণা করা হয়েছিলো।

তবে নিহত একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম সৈয়দা কচি। এসময় তার সঙ্গে আরেকটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘পার্ল ইন্টারন্যাশনাল’-এর টেরিটরি অফিসার পদে চাকরী করতেন। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায়। নিহত আরেকজনের নাম সোনিয়া। তার বাড়ি ভোলার মাঝদেলছড়িয়া এলাকায়। ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

বিজ্ঞাপন

বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আফজাল জানান, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে সেতু ভবনের সামনে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, সেতু ভবনের সামনে স্কুটি চালিয়ে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় স্কুটারে থাকা দুই নারী ছিটকে পড়েন। পথচারীরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের স্কুটিতে প্রেস লেখা থাকলেও তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে। তারা দুজনই পার্ল ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তবে সব কিছু তদন্ত সাপেক্ষে চূড়ান্তভাবে বলা যাবে।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়। দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।