Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনটিভি’র ভিডিও এডিটর হত্যা মামলার রায় হাইকোর্টে বহাল


৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এনটিভি’র ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান।

এই মামলায় ২০১৪ সালের ২৪ জুন রায় দিয়েছিলেন নিম্ন আদালত। তাতে আসামি শাকিল সিকদারকে মৃত্যুদণ্ড, আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার নাহিদ ও মো. ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পলাতক আসামি বরগুনার আমতলী উপজেলার কলাগাছি গ্রামের মো. খোকনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আতিক। বড় মগবাজারের ১৮০/৩ নয়াতলায় থাকতেন তিনি। মগবাজার রেল ক্রসিং মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা। এরপর তারা আতিককে দু’টি গুলি করে এবং ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আতিক মারা যান।

পরদিন ১৪ ফেব্রুয়ারি আতিকের বড় ভাই আবু বকর সিদ্দিক বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৯ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবুল খায়ের আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১০ সালের ৬ অক্টোবর আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।