Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেইলি স্টারে হামলা: আনোয়ার ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
২৮ জুন ২০২৬ ২১:১৬

আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আনোয়ার হোসেনের (৩৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২২ জুন দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার সময় আনোয়ার সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে দাবি করেন এবং অভিযোগ করেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিএনপির স্থানীয় সভাপতি নাজমুল ইসলাম মিঠুর নেতৃত্বে তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আনোয়ারের দাবি, তিনি বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় অতীতেও হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় যেমন নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি বর্তমানেও রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা আনোয়ারকে সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে ডেইলি স্টার কার্যালয়ে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিতে দিতে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা চালায়, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করে এবং ভবনের একাধিক তলায় আগুন লাগিয়ে দেয়।

এ ছাড়া হামলাকারীরা ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ভাঙচুর করে। মামলায় দাবি করা হয়েছে, এ ঘটনায় পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট হয়। সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর