Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে সুব্রত সুইটসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২২:১১ | আপডেট: ২৮ জুন ২০২৬ ২২:১৩

সিরাজগঞ্জে সুব্রত সুইটসকে জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা শাখা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: শহরের এসএস রোড এলাকায় অবস্থিত দই-মিষ্টি ও ঘি তৈরির প্রতিষ্ঠান মেসার্স সুব্রত সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৮ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটির দই-মিষ্টি ও ঘি তৈরির কারখানার পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। কারখানার পরিবেশ তুলনামূলকভাবে উন্নত ও স্বাস্থ্যসম্মত পাওয়া গেলেও উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য সংবলিত লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ সব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শ্রী প্রদীপ কুমার বসাককে ১০ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। পণ্যের মান, মূল্য ও লেবেল সংক্রান্ত কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।