Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি


১২ নভেম্বর ২০১৯ ০৯:৩৯ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারদিনের রাষ্ট্রীয় সফরে নেপালে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস সচিব বলেন, ‘নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার চারদিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

সফরের সময়সূচি অনুসারে, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (নং বিজি ৭১) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিজ্ঞাপন

বিমানটি স্থানীয় সময় বেলা ১২ টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি হামিদ কাঠমান্ডু ম্যারিয়ট হোটেলে অবস্থান করবেন।

এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। নেপালের প্রেসিডেন্ট ভান্ডারী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তাঁর প্রতিনিধিদলের সম্মানে ভোজ সভার আয়োজন করবেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ, নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদের চেয়ারপারসন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নেপালের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

প্রেস সচিব আরও জানান, আবদুল হামিদ পোখারা এবং কাঠমান্ডুর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থানগুলো পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।