।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৭ এপ্রিল।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। আগামী ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।
নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আলী আশরাফ, এমপি। উল্লেখ্য, আশরাফ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার। গঠিত নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জনাব জাহাঙ্গীর আলামিন।
সারাবাংলা/ইএইচটি/এমএ