।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: জেলার বন্দর এলাকায় বিভিন্ন শিওরক্যাশ এজেন্টের দোকানে সরকারের দেয়া উপ-বৃত্তির টাকা থেকে ২০ টাকা করে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী এই বিষয়টিকে আইনের চোখে অপরাধ হিসেবে বলেন। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি শিক্ষার্থীরা দ্রুত তাদের কাছ থেকে কেটে নেয়া টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের সোনাকান্দা এলাকায় আমির হোসেনের দোকানে অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে টাকা নিতে দেখা যায়। এ সময় অভিভাবকরা জানায়, দোকান থেকে টাকা নিতে গেলে ৩শ’ টাকা থেকে ২০ টাকা করে কেটে রাখা হচ্ছে।
উল্লেখ্য সরকার প্রাথমিক শিক্ষার্থীদের ৩শ’ টাকা করে শিক্ষা উপ-বৃত্তি দিয়ে থাকেন। বিভিন্ন শিওরক্যাশ এজেন্টের কাছ থেকে টাকা উত্তোলন করতে গেলেই এজেন্টরা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে সার্ভিস চার্জের নামে অতিরিক্ত ২০ টাকা করে নেওয়ার অভিযোগ জানিয়েছে অভিভাবকেরা।
সোনাকান্দা ৫০ নং প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী’র মা বলেন, শিক্ষা উপ-বৃত্তির টাকা নিতে এসে অতিরিক্ত ২০ টাকা নেওয়ার ব্যাপারে আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্যাংক থেকে টাকা নিলে কোন সার্ভিস চার্জ না কাটলেও দোকান থেকে নিতে হলে ২০ টাকা অতিরিক্ত করেই দিতে হবে।
অতিরিক্ত টাকা নেয়া বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বন্দর উপজেলা শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নুরুল আমিন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন বিধান নেই। কারণ সরকার সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ১০ টাকা করে দিয়ে দিচ্ছে। যে দোকানি শিক্ষার্থীর টাকা দিবে তার শিওরক্যাশ আইডিতে ১০ টাকা করে সার্ভিস চার্জ যোগ হয়ে যাচ্ছে। তাই ২০ টাকা করে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া অনৈতিক ও অন্যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে পুলিশ অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিবে।
সারাবাংলা/এসবি