Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সম্পাদকদের সঙ্গে সভায় জামায়াতের নীতি তুলে ধরলেন শফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:২১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ২০:১৬

ঢাকা: জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভায় সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াতের আমীর। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানে জামায়াতের অবস্থানও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অতীতে বিরোধী দলগুলোর প্রচলিত ও প্রথাগত ‘খারাপ অনুশীলন’ থেকে বেরিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। জামায়াতের এ নীতির প্রশংসা করেছেন সম্পাদকরা। জামায়াতের বিরোধিতা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক হবে বলেও বৈঠকে জানানো হয়েছে। একই সঙ্গে রাজপথে বিরোধী দলের আন্দোলন হলেও যাতে দেশ অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়া, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলীয় এমপিরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত সংসদে ভূমিকা পালন করছে। কিন্তু স্পিকারের পক্ষ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে। সম্পাদকরা জামায়াতকে অতীতের বিরোধী দলগুলোর তুলনায় ব্যতিক্রম বলে মত দিয়েছেন বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধী দলের পক্ষে সংসদকে কার্যকর রাখা সম্ভব নয়। সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে এটিই জামায়াতের প্রথম মতবিনিময় সভা বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, নুরুল ইসলাম বুলবুল এমপি, মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দৈনিক আমার দেশ, দ্যা ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক, দৈনিক যায়যায়দিন, দৈনিক মানবজমিন, প্রথম আলো, বণিক বার্তা, নয়া দিগন্ত, ইনকিলাব, প্রতিদিনের বাংলাদেশ, মানবকণ্ঠ, কালবেলা, খবরের কাগজসহ বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর