রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রীনিবাসের দীর্ঘদিন বন্ধ থাকা একটি লিফট সংবাদ প্রকাশের পাঁচ দিন পর মেরামত করে চালু করা হয়েছে। লিফট বন্ধ থাকার বিষয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত এটি সংস্কার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় অপরাজিতা হলের বন্ধ থাকা লিফটটি সংস্কার করে চালু করা হয়েছে।
জানা গেছে, দশতলা বিশিষ্ট অপরাজিতা হলে দুটি লিফট থাকলেও এর একটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে একটি লিফট দিয়েই ছাত্রীদের ওঠানামা করতে হতো। এতে লিফটের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী ওঠানামা করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানান হলের শিক্ষার্থীরা।
হলে অবস্থানরত কয়েকজন ছাত্রী জানান, কয়েক মাস ধরে একটি লিফট বন্ধ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিষয়টি হলে দায়িত্বে থাকা ম্যামকে অবগত করার পরও দীর্ঘদিন কোনো সমাধান পাওয়া যায়নি।

পরবর্তীতে গত ১৪ আগস্ট সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে লিফট বন্ধ থাকার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পাঁচ দিনের মাথায় বন্ধ থাকা লিফটটি মেরামত করে চালু করা হয়।
হলের শিক্ষার্থীরা জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত লিফটটি মেরামত হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে। একই সঙ্গে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে একটি লিফটে ওঠানামার কারণে যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকেও তারা স্বস্তি পেয়েছেন।