ঢাকা: জনগণের আস্থা যাতে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়—এ বিষয়ে দলীয় নেত্রীর দেওয়া শিক্ষা ধারণ করতে হবে। একই সঙ্গে জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।
তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করা হয়েছে। এ জনসমর্থন যাতে দীর্ঘস্থায়ী হয়, সে জন্য আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া স্বাভাবিক বিষয় হলেও রাষ্ট্র ও জনগণের মধ্যে যে দৃঢ় সম্পর্ক রয়েছে, কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে তা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পাশাপাশি রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।