Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান ১১ দলের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৭:২০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ২০:৩০

ঢাকা: গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে লংমার্চ হবে। চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও বৈঠকে জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে