চট্টগ্রাম: জেলার নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৫ নারীসহ মোট ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

– ছবি : সংগৃহীত
গ্রেফতারকৃতরা হলেন- হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন, মোহাম্মদ জাকির হোসেন ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্ট নামের ভবনের পঞ্চম তলায় সন্ধ্যার সময় অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সদস্য ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এ সংক্রান্তে ডবলমুরিং থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।