চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে সোনিয়া (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্বামী অটোরিকশাচালক সুমনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শীলেরহাট জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সোনিয়া ওই এলাকার অটোরিকশাচালক সুমনের স্ত্রী। সুমন সমিতিরহাট এলাকার আবু তাহেরের ছেলে। তাদের দুই ছেলেসন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শোয়াইব আল সালেহীন জানান, স্বামীর মারধরের কারণে গৃহবধূটি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ঘটনার আগের রাতে সুমন তার স্ত্রীকে মারধর করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরদিন সকালেও মারধরের ঘটনা ঘটে। এরপর সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে সুমনকে রোসাংগিরী এলাকা থেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের বোন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’