Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১০:৫৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৬:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ আগস্ট) ও রোববারের (১৬ আগস্ট) পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে ভাদ্রের গরমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর