Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ২১:৫৮

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম: বন্দরের জলসীমায় ডিজেলবাহী একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে। এতে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের পেছনে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়। এসময় পানি ঢুকে সাময়িকভাবে জাহাজটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও ডিজেলভর্তি কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ‘এমটি সি স্পাইক’ নামের তেলবাহী ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা ‘এমভি সান শাইন’ নামের বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর সি স্পাইকের কোনো কার্গো ট্যাংকে পানি ঢোকেনি এবং ডিজেলও নিঃসরণ হয়নি। তবে ইঞ্জিনকক্ষের পেছনের বাম পাশে ফাটল সৃষ্টি হয়ে পানি ঢোকার কারণে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়। জরুরি ব্যাটারির মাধ্যমে জাহাজটির বেতার যোগাযোগব্যবস্থা সচল রাখা হয়েছে। জাহাজটিকে স্থিতিশীল রাখতে দুটি নোঙর ফেলা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভেসে থাকার কথা।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে। বন্দরের টাগবোট ‘কান্ডারি-৮’ ঘটনাস্থলে কাজ করছে।’

তিনি জানান, জাহাজে থাকা ডিজেল দ্রুত খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফাটল মেরামত ও জাহাজ উদ্ধারে একটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর