Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিসি ক্যামেরার কারণে সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ২০:৩৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ২২:২৭

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনকে মনে করছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এবার মন্ত্রণালয়ের অর্ডার ছিল, প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর। সে অনুযায়ী সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে এবার শিক্ষার্থীরা ক্লিন ও ক্লিয়ার পরীক্ষা দিয়েছে। আমার মনে হয়, সেই মোতাবেক ফলাফল আসছে।’

তবে কি আগের বছরগুলোতে পরীক্ষা সঠিকভাবে হয়নি; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলতে চাই না। তবে আমার অবজারভেশন, বাচ্চারা যতটুকু পড়েছে, সেই অনুযায়ী ফলাফল এসেছে। আমাদের মূল্যায়নে কোনো বৈষম্য হয়নি।’

বিজ্ঞাপন

এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ইংরেজি ও গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘মানবিক শাখার শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে দুর্বল। তারাই বেশি ফেল করেছে।’

তবে পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এবার পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন অর্থাৎ বেড়েছে ২২২টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর