চট্টগ্রাম: জেলার মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় লুট হওয়া প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক ওরফে সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক ওরফে এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪) এবং ইউসুফ (২৬)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, রোববার ৯ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে মীরসরাই ইকোনমিক জোনে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি দল ঢোকে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন, প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করা হয়।

– ছবি : সংগৃহীত
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালায়। পুলিশের দাবি, টানা ৩২ ঘণ্টার অভিযানের একপর্যায়ে ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার মেহেদী হাসান, রাকিব ও এমদাদুল হক ওরফে এমরানের দেখানো জায়গা থেকে সোমবার ভোর পৌনে ৫টার দিকে ডাকাতির ঘটনায় লুট হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।