Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২১:২৩

রাকিব প্রামাণিক

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব প্রামাণিক ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে রাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট দেন। একটি পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তরুণীও তাকে ভালোবাসতেন। তবে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীর অন্যত্র বিয়ে হচ্ছে উল্লেখ করে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কথা লেখেন। একই পোস্টে নিজের মৃত্যুর জন্য ওই তরুণীর বাবা-মাকে দায়ী করেন।

বিজ্ঞাপন

এর কিছু সময় পর দেওয়া আরেকটি পোস্টে রাকিব নিজের বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কাউকে কিছু না জানিয়েই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বিদায় বার্তা লেখেন।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।