মানিকগঞ্জ: জেলার হরিরামপুরে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়ার সততা ব্রিকস ও স্বাধীন ব্রিকস (ইটভাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।
আটক ট্রাকচালক ফারুক প্রামানিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সেইসঙ্গে ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।