কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে কুমারখালীর দিকে ফিরছিলেন নোমান। তিনি চড়াইকোল রেলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করতে গেলে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘নিহত নোমানের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।’