ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত শেষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, গ্যাস সরবরাহ শুরু হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বলেন, ‘এফএসআরইউর মেরামতের কাজ বিকেলের মধ্যে শেষ হবে। এর পর গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ বাড়বে। এতে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে?— জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন তো লাগবে। মিনিমাম দুই/তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’
গ্যাস সংকটের কারণে বিভিন্ন স্থানে লোডশেডিং বেড়েছে— এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘গ্যাস না থাকলে সাধারণ গ্রাহক যেমন গ্যাস পাবেন না, তেমনি বিদ্যুৎকেন্দ্রগুলোও প্রয়োজনীয় গ্যাস পাবে না। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোও চালু করা হবে।’
বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এফএসআরইউতে যে ত্রুটি হয়েছে, সেটি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল কি না—সেটিও বিবেচনায় নিতে হবে।’
বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিল নিয়ে আসার জন্য বলা হলেও অনেকে তা নিয়ে আসেন না।’ তিনি জানান, জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে গরমের সময় বিদ্যুৎ ব্যবহারের তারতম্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।’
ভারত থেকে আগের মতো ডিজেল চাওয়া হয়েছে কি না?—জানতে চাইলে তিনি বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আসে। আরও বেশি ডিজেল সরবরাহের জন্য তাদের অনুরোধ করা হয়েছে।’
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন উনি। দেশটাকে শেষ করে দিয়েছেন। তার বিষয়ে কিছু বলতে চাই না।’