Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্দি চুক্তি মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৭:৩৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

আসিফ মাহমুদ বলেন, দুই দেশের বন্দি বিনিময় চুক্তি মেনেই শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারিক ব্যবস্থার মুখোমুখি করতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা উচিত। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকে বিশৃঙ্খল করতে ভারতের সরাসরি ইন্ধন হিসেবেই ধরে নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা না দেওয়ার ওপর ভিত্তি করে দুটি বন্ধুপ্রতীম দেশের কূটনৈতিক সম্পর্ক থমকে থাকতে পারে না।

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা স্মরণ করে এনসিপি মুখপাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও দুই বছর অতিবাহিত হওয়ার পরও স্বৈরাচারী ব্যবস্থার পুরোপুরি পতন নিশ্চিত করা সম্ভব হয়নি। ফ্যাসিবাদের অবশিষ্টাংশ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই লড়াই রাজপথে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়।