Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদ আগের মতোই রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৫:৫১ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৭:০৮

এনসিপির মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী – ছবি : সংগহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান এরইমধ্যে সরকার চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে, ঘরে গ্যাস ও বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই এবং পুরো দেশজুড়ে দলীয় সন্ত্রাস চলছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ লেবার পার্টি’ আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলেও সদ্য সমাপ্ত নির্বাচনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদ নতুন করে আসেনি, বরং এটি আগে থেকেই ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী এখন সেই চেয়ারের ওপর বসেছেন। আগে এই চেয়ারে শেখ হাসিনা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কথা ছিল ফ্যাসিবাদের চেহারা ও চেয়ার উভয়ই বাদ যাবে এবং ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক হবে, কিন্তু সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

বিজ্ঞাপন

সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসের জন্য প্রস্তুত নয় এবং এর বিরুদ্ধে সবাই মিলে লড়াই করা হবে। পরিণতি হিসেবে জেলে বা কবরে যাওয়ার সম্ভাবনা থাকলেও কারও কাছে মাথা নত করা হবে না এবং কোনো আপস করা হবে না বলে জানান তিনি।

নির্বাচন ব্যবস্থা ও প্রশাসন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার কথা থাকলেও সেখানেও হোঁচট খেতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী টিমের এক ব্যক্তিকে চুক্তভিত্তিক অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে আগামী নির্বাচনগুলোতে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ডামি নির্বাচন পরিচালনা করা যায়।

রাষ্ট্রপতি পদ ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, বঙ্গভবন বা বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি কখনোই দলীয় হওয়া উচিত নয়। সরকার দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসানোর পাঁয়তারা করলে তা পদটিকে কলঙ্কিত করবে এবং প্রয়োজনে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে দেওয়ার দাবি তোলা হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নকে যেকোনো মূল্যে নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে নিতে চাইলে বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং সংসদের সামনে উপস্থিত হয়েই জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর