Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে শহিদদের বদলা নেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২৩:৪৪

১১ দলীয় ঐক্যজোট বড়লেখা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ট্রাইব্যুনাল গঠন হয়েছে। রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি, কবে হাসিনাকে দেশে এনে জনগণের বিজয়ের মধ্য দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহিদদের বদলা নেওয়া হবে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যজোট বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সিস্টেম আসতে চায় তবে তার বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নামব। খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ।’ তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, ‘যারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী লড়াই হবে।’

বিজ্ঞাপন

ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ভারতের নাগরিকদের বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে আমাদের দেশে পাঠাচ্ছে। আপনারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিবেন, যাতে ভারত কোনোভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশের প্রবেশ করাতে না পারে।’

তিনি আরও বলেন, ‘সরকার যদি আবার সংস্কারের পক্ষে ফিরে আসে, আমরা তা স্বাগত জানাব। আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই— এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমান প্রধানমন্ত্রীকে বুঝতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে। যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না করা হয়, তাহলে এই সরকার পতনের দিকে যাবে।’

তিনি বলেন, ‘আমরা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না। আমাদের যে ভাইয়ের হাত চলে গেছে, ওই হাতের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না। এই ভাইয়েরা আমাদের একটি গুরুদায়িত্ব দিয়ে গেছেন। যদি আপনাদের মধ্যে আবু সাঈদের রক্ত থাকে, তাহলে বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব।’

বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাইমিন সালেহ, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এম আতিকুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর