ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।
মঙ্গলবার ২৮ জুলাই, রাজধানীর মিরপুর-১৪ এ অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিএন কলেজের ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এর পুরস্কার বিতরণী সভা ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রশাসক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও যেন অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যেই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচারণাকে প্রতিটি এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাসমূহ জনগণের জন্য আরও সহজ ও সুগম করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ডিএনসিসি প্রশাসক বলেন, নিষ্ঠা ও চেষ্টা থাকলে যেকোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। বিএন কলেজের শিক্ষার্থীদের অসাধারণ সব আইডিয়া ও উদ্ভাবনী চিন্তা আমরা নগরের প্রতিটি ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় নাগরিকদের মাঝে ছড়িয়ে দেব। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ঢাকাকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
আলোচনা ও পুরস্কার বিতরণী পর্ব শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালি চলাকালে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীরসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরাই ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ বাস্তবায়ন করবে: ডিএনসিসি প্রশাসক
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২০:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০০:০৪
২৮ জুলাই ২০২৬ ২০:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০০:০৪
সারাবাংলা/এনএল/এসআর