Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের ঝুঁকি কমাতে ‘এফওপিএল’ চালুর তাগিদ বিশেষজ্ঞদের

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৯:৩৯

ঢাকা: বাংলাদেশে অতিপ্রক্রিয়াজাত খাবার গ্রহণের কারণে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনকহারে বাড়ছে। বর্তমানে দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে এসব অসংক্রামক রোগের কারণে, যার মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের প্যাকেটের সামনে সহজ সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

‎বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে আয়োজিত ‘বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

‎কর্মশালায় বক্তারা জানান, বর্তমানে খাদ্য প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টিতথ্য সাধারণ ভোক্তার পক্ষে বোঝা বেশ কঠিন। কিন্তু প্যাকেটের সামনে স্পষ্ট ও সহজ এফওপিএল ব্যবস্থা চালু হলে একজন ভোক্তা এক নজরেই খাদ্যে থাকা অতিরিক্ত লবণ, চিনি বা চর্বির উপস্থিতি বুঝতে পারবেন এবং সহজেই স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি চালুর ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা অনেকাংশেই কমে এসেছে।

‎বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব কর্মশালায় জানান যে, বাধ্যতামূলকভাবে এফওপিএল চালুর লক্ষ্যে দ্রুতই প্রবিধানমালার খসড়া চূড়ান্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম এবং জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস ও প্যাকেটের সামনে স্পষ্ট সতর্কবার্তার কার্যকারিতা তুলে ধরে এটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়া দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-এর ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান নীতিনির্ধারকদের ওপর ইতিবাচক চাপ তৈরি করতে গণমাধ্যমে এ বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।

‎গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে, যেখানে বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

‎কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)-র কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। গণমাধ্যমকর্মীদের সামনে মূল বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর