Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক খাতে রফতানি প্রণোদনা বেড়ে হলো ৫%

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৮:১৭

ঢাকা: বাংলাদেশ ব্যাংক তৈরি পোশাক খাতের একটি অংশের রফতানিতে নগদ সহায়তা (রফতানি প্রণোদনা) উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এত দিন এ খাতে বিকল্প নগদ সহায়তার হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এখন তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন এই সুবিধা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত জাহাজীকৃত (শিপমেন্ট হওয়া) পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এই প্রণোদনা পেতে রফতানিকারকদের কয়েকটি শর্ত মানতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ বা অন্য কোনো স্বীকৃত রফতানিকারক সংগঠনের সদস্য প্রতিষ্ঠানকে প্রণোদনা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

এ ছাড়া দেশীয় সুতা ও কাপড় সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের নির্দেশনা এবং এ-সংক্রান্ত অন্যান্য প্রচলিত নির্দেশনাও আগের মতোই বহাল থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত জাহাজীকৃত রপ্তানি পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ী মহলের ধারণা, নগদ সহায়তার হার বাড়ানোর ফলে দেশীয় সুতা ও কাপড় ব্যবহার আরও উৎসাহিত হবে। একই সঙ্গে মূল্যসংযোজন বৃদ্ধি এবং রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করতেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর