ঢাকা: সরকারের ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ১০ বছর মেয়াদি একটি ট্রেজারি বন্ড পুনঃইস্যুর (রি-ইস্যু) উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৪ জুলাই এ বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের মাধ্যমে সরকার ৩ হাজার কোটি টাকা ঋণ সংগ্রহ করতে চায়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড হলেও বর্তমানে এর অবশিষ্ট মেয়াদ রয়েছে ৫ দশমিক ৮৬ বছর। বন্ডটির মূল ইস্যু হয়েছিল ২০২২ সালের ২৫ মে। এর মেয়াদ শেষ হবে ২০৩২ সালের ২৫ মে। বন্ডটির কুপন হার (সুদহার) ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বন্ড পুনঃইস্যুর নিলাম হবে প্রাইস-ভিত্তিক পদ্ধতিতে। অর্থাৎ বিনিয়োগকারীরা যে দামে বন্ড কিনতে আগ্রহী, সেই দামের ভিত্তিতে নিলামের ফল নির্ধারণ করা হবে।
নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের অনুমোদিত প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলো সরাসরি অংশ নিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড জমা দিতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের বাংলাদেশ ব্যাংকে চলতি হিসাব থাকার প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ফিন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) প্ল্যাটফর্মের মাধ্যমে বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি নিয়ে সিলগালা খামে (ম্যানুয়াল) বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের নিলামের মাধ্যমে সরকারের বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহে সহায়তা করে। নতুন বন্ড ইস্যুর পাশাপাশি বিদ্যমান বন্ড পুনঃইস্যুর মাধ্যমে বাজারে তারল্য ব্যবস্থাপনা এবং সরকারি ঋণের পরিপক্বতা কাঠামোও সুশৃঙ্খল রাখা হয়।