Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংক থেকে আরও ২৫০০ কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৬:৪০ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৪৫

ঢাকা: তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আজ সোমবার (১৫ জুন) আরও ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ নিয়ে টানা দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেল ব্যাংকটি।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, গতকালও বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পাওয়া গেছে। তবে গতকাল পাওয়া অর্থ এখনো ব্যবহার করতে হয়নি।

তিনি বলেন, যেসব গ্রাহক সাম্প্রতিক সময়ে আমানত তুলে নিয়েছেন, তাদের আস্থা আবারও ফিরে আসবে বলে ব্যাংকটি আশা করছে। এরই মধ্যে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আলতাফ হোসেনের মতে, ব্যাংকের একটি বড় শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে।

এর আগে, রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পর্ষদের সব সদস্যকে অপসারণ করা হয়। গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলন, আস্থার সংকট এবং তীব্র তারল্য চাপে পড়ার প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নেয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার আশা, নতুন প্রশাসনের অধীনে ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর