চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তৎপরতায় প্রতিহত হয়েছে।
শনিবার (১৩ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু নদীপথে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর নজরদারির মুখে রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, ‘নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।’
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।