কক্সবাজার: সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ৩০ কিলোমিটার এলাকায় বংকুপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মাতুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান আর্মিতে যোগ দেওয়ার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তারা মাসখানেক আগেই পালিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে বিজিবি খবর পেয়ে বংকু পাড়া থেকে তাদেরকে আটক করে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’