Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১ কোটি ৭৬ লাখ টাকার সোনা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৮:২২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা মূল্যের ৮টি অবৈধ সোনার বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়ন।

উদ্ধার করা সোনা পাচারকারী মিজানুর রহমান (৬১) একই উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মরহুম সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান, গোপনে সংবাদ পাওয়া যায় যে, মুন্সীপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সীপুর বিওপিকে সতর্ক করে একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। এদিন আনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সীপুর বিওপির সামনের সড়কে পৌঁছুলে সন্দেহভাজন মিজানুর রহমানকে (৬১) টহলদল থামায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার কোমরের লুঙ্গির ভাঁজে সোনা বহন করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং একটি ডায়াং ৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তি, জব্দ করা বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলটি দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে উদ্ধারকরা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর