ঢাকা: টানা চার দফা কমানোর পর এবার বাড়ল সোনার দাম। ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৩ জুন) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা চার দফা সোনার দাম কমানো হলেও আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় জুয়েলার্স ব্যবসায়ীদের সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার এক ভরি কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। তবে এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট এবং গয়নার মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।