Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত, বিক্ষোভে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৩:৩২ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৬

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করতে সক্ষম হয়েছে।

এর আগে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলে আসতে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ ও যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহাজাহান (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ আরিফ (২২)।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ঘাতক বিআরটিসি বাসটি খাগড়াছড়ি থেকে অত্যন্ত দ্রুত গতিতে চট্টগ্রামের দিকে আসছিল। পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসটি প্রথমে সড়কে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপ দিয়ে পাশে ফেলে দেয়। এর পরপরই বাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে দুজনেই মারা যান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাইন্দংয়ের আমতল এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেয় এবং উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আগুন নেভানোর পর সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে এবং এই বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর