চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।
একই ঘটনায় মো. রুবেল (৩০) নামে অপর এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়িও বাঁশখালীর বৈলছড়ী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি দুটি বাঁশখালী থেকে মইজ্জ্যারটেকের দিকে আসছিল। পথে পটিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সিএনজি দুটিকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের বলেন, বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের এক স্বজনের খোঁজ পেয়েছি। তিনি আসছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।