Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মে ২০২৬ ২১:৫৭ | আপডেট: ৫ মে ২০২৬ ০৯:৫৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। এরমধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (৪মে) বিকেলে জেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ছাতকে নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫) ও সিএনজি অটোরিকশারচালক অজ্ঞাতনামা একজন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজি যাত্রী বাদাঘাট ইউনিয়নের রাজারপাই গ্রামের আব্দুল শুকুরের ছেলে সাহাব উদ্দিন (৪৫) ও বালিজুড়ি ইউনিয়নের দেওরজালাল গ্রামের ইউসুফ আলীর কন্যা কেয়া মনি (১৭), সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদাঘাট ইউনিয়নের ভিন্নাখালী- রাজারগাঁও গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী নিলুফা আক্তার (৩০)।

বিজ্ঞাপন

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি বাসের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার সারাবাংলাকে বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই-মদনপুর সড়কেও একজন নারী মারা গেছেন। নিহতদের আত্মীয় স্বজন না আসায় পরিচয় জানা যায়নি।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব সারাবাংলাকে বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করেছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর