Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, আহত ৫ বাসযাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৫:৫০ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:০২

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত পাঁচ যাত্রী আহত হন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিবুল হোসেন (৪২) সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তার বাড়ি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিবুল হোসেন গুরুতর আহত হন। এ ছাড়া বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিবুল হোসেন মারা যান। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিবুল নামে একজন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলি হয়ে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগ দেন রিবুল হোসেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর