ঢাকা: ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই; বরং ময়দানে সবসময় আপসহীন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (৪ মে) রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানা আয়োজিত ‘ইউনিট প্রতিনিধি সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি বদিউজ্জামান বকুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা জোনের সহকারী জোন পরিচালক মাহবুবুর রহমান। সম্মেলনে আরো বক্তব্য দেন থানা নায়েবে আমীর হারুনুর রশিদ তারেক, থানা কর্মপরিষদ সদস্য সাদেকুল ইসলাম, ওসাম গনী জুয়েল, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, নাঈম হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমানসহ অন্যান্যরা।
সেলিম উদ্দিন বলেন, ‘একটি সফল ও কার্যকরী বিপ্লবের জন্য একদল সৎ, যোগ্য ও তাক্বওয়াবান মানুষের প্রয়োজন। জাতির সে আশা-আকাঙ্খা পূরণে জামায়াত দীর্ঘ পরিসরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সে কাজে সফল ভাবেই আঞ্জাম দিয়ে যাচ্ছে ইউনিট সংগঠনগুলো। মূলত, ইউনিট সংগঠনও হচ্ছে মূল সংগঠনের সঞ্জিবনী শক্তি। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিটগুলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। এ বিপ্লবই দেশ ও জাতিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করেছে। এজন্য রাজপথে জীবন দিতে হয়েছে হাজার হাজার তরতাজা প্রাণের। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে এখন সবকিছু ভুলে যেতে বসেছে। কারণ, জুলাই বিপ্লবে তাদের উল্লেখযোগ্য কোনো অবদান ছিলো না। তারা এখন জুলাই সনদকে পাশ কাটানোর নানা ধরনের অপযুক্তি ও কুযুক্তি উপস্থাপন করছে। যা গণরায়ের প্রতি রীতিমত অশ্রদ্ধা। কিন্তু এসব করে সরকার কোনো ভাবেই পাশ কাটাতে পারবে না বরং তা তাদের জন্যই হবে আত্মঘাতি।
তিনি সরকারকে টালবাহানা বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। অন্যথায় জুলাই যোদ্ধারা জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।