Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ নিয়ে চট্টগ্রামের পথে ইসলামী আন্দোলনের মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১১:৪৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ কার্যক্রম তদারকি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রোববার (১২ জুলাই) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসচিব ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুর রহমানসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অতিবৃষ্টির শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি ঘটার পর থেকেই সংগঠনের নেতাকর্মীরা দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির সহায়তা পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেও সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ধর্মীয় দায়িত্ব। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদেরও বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বন্যার্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় ত্রাণ সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর