Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া এলসি খোলা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

ঢাকা: দেশে সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের আমদানি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্যের আমদানির জন্য ব্যাংকগুলো এলসি বা টিটি খুলতে পারবে না।

বুধবার (২৯ এপ্রিল)বাংলা‌দেশ ব্যাং‌কের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থে‌কে জা‌রি করা সার্কুলা‌রে এসব তথ্য জানা‌নো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখের এক স্মারকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ডায়েটারি, হারবাল, নিউট্রিশনাল, মেডিকেল নিউট্রিশন ও থেরাপিউটিক নিউট্রিশনসহ সব ধরনের সাপ্লিমেন্ট পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিপণন ও বিতরণের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক। এ বিধান লঙ্ঘন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

তবে বাস্তবে দেখা গেছে, কিছু আমদানিকারক প্রতিষ্ঠান এই নিয়ম না মেনেই বিদেশ থেকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পণ্য আমদানি করেছে। এ ধরনের পণ্য নিবন্ধন বা অনুমোদন না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো খালাসে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আমদানিকারকরা হাইকোর্ট বিভাগে পৃথক রিট মামলা দায়ের করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট কাস্টমসকে পণ্য খালাসের নির্দেশ দিলেও পরে কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি আপিল বিভাগে নিয়ে যায়। সর্বশেষ আপিল বিভাগ “in accordance with law” শর্তে পণ্য খালাসের নির্দেশনা প্রদান করে।

এই প্রেক্ষাপটে জনস্বার্থ রক্ষা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে—নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্যের আমদানির জন্য এলসি বা টিটি খোলা যাবে না।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ নির্দেশনা কার্যকর হলে অনিয়ন্ত্রিত ও নিম্নমানের সাপ্লিমেন্ট পণ্যের আমদানি কমবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি আমদানি ও ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর