Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচক বাড়লেও লেনদেন কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ইরানের মার্কিন ও ইসরায়েলের হামলার পর টানা সূচক কমছিল। তবে সম্প্রতি যুদ্ধবিরতির পর কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। তবে লেনদেনের গতি কিছুটা কমেছে।

এ দিন ডিএসই-তে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসই-তে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনায় দেখা যায়, অনেকদিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখীতা কমতে থাকে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের সামান্য ঊর্ধ্বমুখীতা অব্যাহত ছিল।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৬.৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬.৪৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬০.২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-তে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এ দিন ডিএসই-তে মোট ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪০.৪৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬১.৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট কমে ৮৯৭.৭৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮.৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭৬.২১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসই-তে মোট ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

দিন শেষে সিএসই-তে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর