Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যারা বড় বড় কথা বলছেন, ১৭ বছর তাদের রাজপথে দেখিনি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২১:২১

কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দল মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন, গুম ও খুনের শিকার হয়েছেন। আজ যারা বড় বড় কথা বলছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের বিগত ১৭ বছরে রাজপথে দেখা যায়নি।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে তারা কী করবে, সেদিকে সবার নজর রাখতে হবে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল এবং ১৯৮৬ ও ১৯৯৬ সালে তাদের ভূমিকা কী ছিল তা সবাই দেখেছে। বিগত ১৭ বছরের জনগণের আন্দোলনে তাদের রাজপথে দেখা যায়নি।’

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘আজকে এরা সংস্কার সংস্কার বলে কথা বলছে। বিএনপি ২০২২ সালেই সংস্কারের কথা বলেছে। তখন সংস্কার নিয়ে তারা কোথায় ছিল? এই দেশে সবচেয়ে আগে সংস্কারের প্রস্তাবনা বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে, দেশকে স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। তারা যদি অতীতের মতো বিভ্রান্ত করতে আসে, তাদের সমুচিত জবাব দিতে হবে। তাদের অতীত সবার জানা আছে, কাজেই তাদের কথায় কান দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন এবং কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর