Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফয়সালা রাজপথে: ডা. ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ২২:১৩

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফয়সালা করবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, ‘শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা। সংবিধানের কেবল সংশোধন নয়, রাষ্ট্র সংস্কার প্রয়োজন।’ তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে। ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীদের অনুপ্রবেশে রাজনৈতিক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অর্থ, অস্ত্র, কালোটাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটাতে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জীবন দেব, তবুও জুলাই দেব না। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে বাংলাদেশ লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে।’

তিনি বলেন, ‘জনগণ একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন রাষ্ট্রব্যবস্থার দাবি জানিয়েছে।’ শহিদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে লেবার পার্টিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার ৭০ জন নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর