Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউএনও-কে বিএনপি নেতাকর্মীদের হেনস্তা অশনিসংকেত: এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ২১:১২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ২১:১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো।

ঢাকা: সরকারি দলের নেতাকর্মী কর্তৃক দেশব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তা ও দায়িত্ব পালনে বাধাদানের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের দ্বারা একাধিক ইউএনও’র হেনস্তার শিকার হওয়ার অভিযোগ ওঠার পর এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক এবং সুষ্ঠু প্রশাসনিক পরিবেশের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেছে দলটি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পাঠানো এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের রাজনৈতিক ম্যান্ডেট এবং প্রশাসনের পেশাগত নিরপেক্ষতা দু’টিই সমানভাবে গুরুত্বপূর্ণ। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নেওয়া নীতি ও কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তবে সে ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যক্ষ চাপ, ভয়ভীতি কিংবা হস্তক্ষেপ গ্রহণযোগ্য হতে পারে না। ফ্যামিলি কার্ডসহ যেকোনো সরকারি কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের দায়িত্ব আইন, বিধি ও নির্ধারিত নীতিমালার আলোকে কাজ করা। রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের চাপ প্রশাসনিক সিদ্ধান্তের নিয়ামক হয়ে উঠলে তা প্রশাসনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও জনআস্থাকে দুর্বল করে।

এনসিপি স্পষ্ট করে জানায়, দায়িত্ব পালনের কারণে কোনো রাষ্ট্রীয় কর্মকর্তাকে হেনস্তা বা রাজনৈতিকভাবে চাপ প্রয়োগের ঘটনা মেনে নেওয়া যায় না এবং এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একই সঙ্গে দলটি এমন কোনো প্রশাসনিক ব্যবস্থার সমর্থক নয়, যেখানে আমলাতন্ত্র জবাবদিহিতার বাইরে থেকে নির্বাচিত প্রতিনিধিদের বা সরকারের বৈধ সিদ্ধান্তকে উপেক্ষা করবে।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্তৃত্ব ও প্রশাসনিক পেশাদারিত্বের মধ্যে সুস্পষ্ট ভারসাম্য থাকা প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক আনুগত্য নয় পেশাগত দক্ষতা ও আইনের শাসন এবং রাজনৈতিক হস্তক্ষেপের বদলে নীতিগত দিকনির্দেশনার ভিত্তিতেই প্রশাসন পরিচালিত হওয়া উচিত।

এ ছাড়া হেনস্তার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানিয়েছে এনসিপি। পাশাপাশি মাঠ পর্যায়ের ইউএনওরা যেন কোনো দলীয় প্রভাব ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন, সরকারকে সেই অনুকূল পরিবেশ তৈরির দাবিও জানায় দলটি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর