ঢাকা: সদ্য ঘোষিত কেন্দ্রীয় যুবদলের কমিটিতে পদবঞ্চিত নেতারা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ তুলে ধরেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ধানমন্ডিতে এ্যানীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, ৪ জুন ঘোষিত কেন্দ্রীয় যুবদলের কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অনিয়ম, পদবাণিজ্য এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা জানান, কমিটি ঘোষণার পর থেকেই বিষয়টি সম্পর্কে বিএনপির সিনিয়র নেতাদের অবহিত করা হলেও এখনো পর্যন্ত কেবল আশ্বাস মিলেছে, দৃশ্যমান কোনো সমাধান হয়নি।
বৈঠকে পদবঞ্চিত নেতারা দাবি জানান, কমিটিতে বিতর্কিত, অযোগ্য ও অনৈতিক উপায়ে পদ পাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মের অভিযোগ যাচাই করে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
তারা বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বৈঠকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী পদবঞ্চিত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষ নেতৃত্বের জানা রয়েছে এবং খুব দ্রুত এ সমস্যার একটি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, রিয়ন তালুকদার, আবুল হাসান, দেওয়ান অলিউদ্দিন সুমন, ইসমাইল খান শাহিন, শরীফ হাফিজুর রহমান হাফিজ, আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, খালেদ মাহমুদ মাসুদ, আসাদুল আলম টিটু, বাছেদুর রহমান সোহেল, আব্দুর রহিম, শাহিন আকন্দ, শাহিনুজ্জামান মিন্টুসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক সাবেক নেতা।