Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিপুত্র যুবদল নেতা সজীব আটকের পর বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ০০:৩৩

খায়রুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটকের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রথামিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, ‌‘কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে বলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ পেয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

এর আগে বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় খাইরুল ইসলাম সজীবের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে বিকাল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে একটি সূত্র বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেন খাইরুল।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পকারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন খাইরুল ইসলাম। চাহিদামতো টাকা না পেলে কারখানার পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া খাইরুলের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।